| আপডেট ১০:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় ছেলের বিয়ের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বরযাত্রী যখন কনের বাড়িতে, ঠিক তখনই বরের বাড়িতে হাজির হন প্রেমিকা দাবি করা এক নারী। এ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেলে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন বরের বাবা মোহাম্মদ সুরুজ মিয়া (৪৫)।
বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানা পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সুরুজ মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুরুজ মিয়ার বড় ছেলে হেলাল মিয়ার (২২) বিয়ে উপলক্ষে বরযাত্রী পার্শ্ববর্তী হিরণ্যপট্টি গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হয়। বরযাত্রী কনের বাড়িতে পৌঁছানোর পরপরই বিকেল ৩টার দিকে বরের বাড়িতে দুই নারী উপস্থিত হন। তাদের একজন কুড়িগ্রামের পচাকাটা থানার কবিরাজপাড়া এলাকার মোছা. জান্নাতী খাতুন (২৮)। জান্নাতী দাবি করেন, হেলালের সঙ্গে তার ১০-১১ মাসের প্রেমের সম্পর্ক ছিল এবং আগের দিন তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও হেলাল মোবাইলফোন বন্ধ করে পালিয়ে আসে।
আরও জানা যায়, এ ঘটনা জানাজানি হলে কনেপক্ষ বিয়ে বাতিল করে। পরে বরপক্ষ কনেপক্ষকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। বিয়ে পণ্ড হয়ে যাওয়া ও লোকলজ্জার ভয়ে মানসিক আঘাত সহ্য করতে না পেরে ওই দিন রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি আমগাছে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন সুরুজ মিয়া। পরে পরিবার ও স্থানীয়রা ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য আজ মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকাসহ দুই নারীকে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.
.