| আপডেট ৪:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলায় কাকন আহমেদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারে এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
নিহত কাকন আহমেদ গৌরীপুর রেলওয়ে স্টেশনে পি-ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. মাসুদ কবীর মামুন, আলীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান রহমান পল্লব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুল হাসান রাতুলসহ অন্যেরা।
এসময় বক্তারা বলেন, কাকন হত্যার দুই সপ্তাহ পার হলেও ১৫ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কাকনের পরিবার নানা হুমকির মুখে রয়েছে। কাকন মৃত্যুর আগে হামলাকারীদের নাম-পরিচয় জানিয়েছিল। এ ঘটনায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। দুই সপ্তাহ পার হলেও এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাত আনুমানিক একটার দিকে দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কেলন মিয়ার বাড়ির পাশে একদল দুর্বৃত্ত কাকনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

.
.