| আপডেট ৫:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

,পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অফিসের আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড চুরি হয়েছে। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে ময়মনসিংহ থেকে আসা সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা কার্যালয়ের পেছনের দিকের একটি জানালার গ্রিল ও সামনের বারান্দার একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দরজার হ্যাজবলও কেটে ফেলা হয়।
কার্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি বুঝতে পারেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। তবে প্রাথমিকভাবে কোনো সরকারি কাগজপত্র খোয়া যায়নি।
তিনি আরও জানান, কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি আগে থেকেই অচল ছিল। ফলে চুরির ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

.
.