এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
রেলওয়ে পুলিশ ঢাকা কমলাপুর রেলস্টেশনে কর্মরত আইজিপি পুরস্কার প্রাপ্ত কনস্টেবল মোঃ শাজাহান মিয়া তার ছোট ভাই ঢাকায় গার্মেন্টসে কর্মরত জুয়েল মিয়া ও অপর ছোট ভাই পোলট্রি ব্যবসায়ী সোহেল মিয়ার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে নেত্রকোনায় পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে পরিবার বর্গ ও এলাকাবাসী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পূর্ব চরপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার স্ত্রী পিয়ারা খানম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্বামী মোঃ শাহজাহান মিয়া রেলওয়ে পুলিশ ঢাকা কমলাপুর রেলস্টেশনে
কনস্টেবল পদে কর্মরত। তিনি পেশাগত দায়িত্ব পালন কালে সাহসিকতাপূর্ণ অসামান্য অবদান রাখায় আইজিপি পুরস্কার পেয়েছেন।
তার ছোট ভাই জুয়েল মিয়া ঢাকায় এজটি গার্মেন্টসে কর্মরত। সবার ছোট ভাই সোহেল মিয়া গ্রামের বাড়িতে পোল্ট্রি ফার্ম দিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। তারা দীর্ঘ দিন যাবৎ অত্যন্ত সুনামের সহিত চাকরি ও ব্যবসা করে এলাকাবাসীর সাথে সুসম্পর্ক বজায় রেখে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছে। আমার স্বামীর কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকায় সামান্য জমি ক্রয় করে ছোট ভাইদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করায় এবং এলাকাবাসীর আপদে বিপদে তাদের পাশে দাড়াঁনোয় আমাদের পরিবারের
সুখ শান্তি ও উন্নতি দেখে গ্রামের কতিপয় দুষ্ট প্রকৃতির লোক তেলে বেগুনে জ্বলে ওঠে এবং ঈর্ষান্বিত হয়ে আমাদেরকে কিভাবে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা যায় তা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়।
এরই অংশ হিসাবে রামকৃষ্ণপুর পূর্ব চর পাড়া গ্রামের জজ মিয়া, আলাউদ্দিন, নূরুল হক, জরিনা বেগম, বানেছা, বেলাল হোসেন গত ৭ জুন দুপুরে কয়েকজন সাংবাদিক ডেকে নিয়ে তাদের বাড়িতে এক সংবাদ সম্মেলনে আমার স্বামী ও দেবরদেরকে সামাজিক ভাবে হেয় পতিপন্ন করতে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনয়ন করে। সংবাদ সম্মেলনে তিনি এ সকল অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জজ মিয়া, আলাউদ্দিন, নূরুল হক, বেলাল হোসেন, জরিনা বেগম ও বানেছা বেগম গ্রামের খুবই দুষ্ট প্রকৃতির লোক। তারা পারিবারিক কলহ, অশান্তি, এক পরিবারের সাথে অপর পরিবারের ঝগড়া বিবাদ সৃষ্টি, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট সহ এমন কোন কাজ নেই, যে করতে পারে না। তাদের কথামতো না চললে এবং চাহিদা পূরণ না করলে তারা এলাকার সহজ, সরল ও নিরীহ লোকদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে হয়রানি করে আসছে। তারা সমাজের শান্তি প্রিয় লোকজনকে হুমকি, ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন করে নিজেদের স্বার্থ হাসিল করে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পন আর সাংবাদিকরা হলেন, জাতির বিবেক। তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবী জানান, স্থানীয় প্রশাসন এ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহজাহান মিয়ার মেয়ে ফারিয়া শেখ, তার দুই ভাই সোহেল মিয়া ও জুয়েল মিয়া, বোন জাহানারা বেগম, ভাতিজা সোলেমান ও জহিরুলসহ এলাকাবাসী।