| আপডেট ১২:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাইকোর্টের নির্দেশে স্বপদে বহাল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।
এর আগে, বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত পৃথক তিনটি আদেশের মাধ্যমে চেয়ারম্যানদের পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন— উপজেলার ৫ নং ধলামুলগাঁও ইউনিয়নের মো. রেজুয়ানুর রহমান, ৯ নং খলিশাউড় ইউনিয়নের কমল কৃষ্ণ সরকার এবং ১০ নং নারান্দিয়া ইউনিয়নের মো. আব্দুল কুদ্দুছ বেপারী।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা এবং হাইকোর্টের রায়ের আলোকে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পূর্বে জারিকৃত প্রশাসক নিয়োগসংক্রান্ত আদেশগুলো বাতিল করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান বলেন, “হাইকোর্টের নির্দেশনা ও স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বহাল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে এবং জনসেবা আরও গতিশীল হবে।”

.
.