| আপডেট ১২:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট

সিরাজুল ইসলাম ; ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৭ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া-শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, নূর আলমকে গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মোবাইল ফোনটি পরীক্ষা করে অনলাইন ক্যাসিনো ও জুয়া সংক্রান্ত ২০টি অ্যাপের সন্ধান পাওয়া যায় বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় এর আগে তাকে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল।
ডিবি পুলিশের অভিযোগ, নূর আলম রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকায় অনলাইন ক্যাসিনো ব্যবসার বিস্তার ঘটানোর সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও ক্যাসিনোর মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

.
.