| আপডেট ১১:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ)-এর কেন্দ্রীয় কমিটি নির্বাচন-২০২৬ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সন্তান উজ্জল মিয়া।
গত ৪ নভেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কোষাধ্যক্ষ পদে উজ্জল মিয়া পেয়েছেন সর্বোচ্চ ৮৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার ফাহিম শেখ পেয়েছেন ৭৫২ ভোট। ১৩৭ ভোটের ব্যবধানে ফাহিম শেখকে হারিয়ে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন উজ্জল। এছাড়া এই পদে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার মো: হাসিবুর রহমান মিশকাত ২৯৬ ভোট পেয়েছেন।
উজ্জল মিয়া তার নির্বাচনী প্রচারণায় ফান্ডের শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণ, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ফান্ড বণ্টন এবং ‘জিরো অ্যাডমিন-কস্ট’ পলিসি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার এই সময়োপযোগী ও আধুনিক ভিশন সারাদেশের ভলান্টিয়ারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যার প্রতিফলন ঘটেছে ব্যালটে।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় উজ্জল মিয়া বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি সারাদেশের সকল ভিডিএফ সদস্যদের বিজয়। যারা আমার ওপর আস্থা রেখে পবিত্র আমানত হিসেবে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে আমার ময়মনসিংহ বিভাগসহ সারাদেশের যে লিডাররা দিনরাত পরিশ্রম করেছেন, তাদের এই ঋণ শোধ করার মতো নয়। আমি কথা দিচ্ছি, আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফান্ডের শতভাগ স্বচ্ছতা রক্ষায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব।”

.
.