| আপডেট ৪:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন- দেওটুকোন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. সজুদুল হক (৫৮) উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
আহতরা হলেন পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আনাস নিহত সজুদুল হকের মেয়ের নাতি।
স্থানীয়রা জানায়, চোছাউড়া থেকে মোটর সাইকেলযোগে তিনজন পূর্বধলার দিকে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এবিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.
.