আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জেলা প্রশাসন, বন বিভাগ, নেত্রকোনা এই বৃক্ষরোপণ অভিযান ও
বৃক্ষ মেলার আয়োজন করে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকাল সাড়ে ৩টায় পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়।
সেখানে বেলুন উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
পরে মুক্তমনা মঞ্চে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, সাবেক সংসদ সদস্য
বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, নার্সারী মালিক আলী আহাম্মদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রত্যেককে বাড়ির আঙ্গিনা, বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে কমপক্ষে ৫টি করে গাছের চারা রোপনের আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।