| আপডেট ৭:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে সামশ্বরী নদীর ওপর প্রায় ৮০০ মিটার দীর্ঘ একটি বাঁশ–কাঠের সেতু নির্মাণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (২২ নভেম্বর) দুপুরে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর ওপর উপযুক্ত সেতু না থাকায় শিবগঞ্জ–দুর্গাপুর এলাকার মানুষের পারাপার বহুদিন ধরেই ছিল অত্যন্ত দুর্ভোগপূর্ণ। জনগণের সার্বিক সমস্যা বিবেচনায় প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে যানবাহন চলাচলোপযোগী এ বাঁশ–কাঠের সেতুটি নির্মাণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। সেতু পারাপারে সামান্য পরিমাণ টোল আদায় করা হবে এবং এর সম্পূর্ণ আয় স্থানীয় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে ঘোষণা দেন তিনি।
এসময় স্থানীয়রা আশা প্রকাশ করেন, ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্য নির্বাচিত হলে সামশ্বরী নদীর ওপর স্থায়ী একটি আধুনিক সেতু নির্মাণ করে দেবেন।
সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অ্যাডভোকেট এম. এ. জিন্নাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রওশন আলী, সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সেতু কমিটির অন্যান্য সদস্যরা।
স্থানীয় ছাত্রী তাসফিয়া ইসরাত জানান, “সেতু না থাকায় প্রতিদিনই স্কুলে যেতে সমস্যায় পড়তে হতো। এবার কাঠের সেতু তৈরি করে আমাদের দুর্ভোগ দূর করায় আমরা ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের প্রতি কৃতজ্ঞ। আমাদের একটাই দাবি—তিনি এমপি নির্বাচিত হলে যেন স্থায়ী সেতু করে দেন।

.
.