| আপডেট ৭:৪০ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পরিচালিত চেকপোস্টে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ক্রাউন ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাসে (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১২-০৪৮২) তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল (ল্যাবোরেট কোডিন ফসফেট) উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন মৃদুলকে আটক করা হয়।
আটক জাকির হোসেন মৃদুল কলমাকান্দা উপজেলার বামনগাঁও এলাকার গিয়াস উদ্দিন ও মোছা. তাসলিমা খাতুনের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার করা ফেনসিডিলসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

.
.