পুকুরের পানিতে ডুবে সাদিয়া নামের ১৪ মাস বয়সী এক শিশুর করুণ
মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে।
মৃত সাদিয়া বামনগাঁও গ্রামের কৃষক
রাহাত আলী ও গৃহবধূ নুরনাহার বেগম দম্পতির ছোট মেয়ে।
মৃতের পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু সাদিয়া
সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশীর বাড়ির যাওয়ার পথে পাশের একটি পুকুরে পড়ে যায়। এ দৃশ্য দেখে প্রতিবেশী সালমা ডাক চিৎকার শুরু করলে সাদিয়ার পরিবার ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে পুকুরের পানির তল থেকে সাদিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার পর শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।