| আপডেট ১:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলার মাত্র ৭৮ দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম যোগদান করে তাকে পূর্বধলা থেকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুনকে পূর্বধলায় পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহের সংস্থাপন শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শফিকুল ইসলামকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি দক্ষিণ গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, গফরগাঁও উপজেলার ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুনকে পূর্বধলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। একই সঙ্গে সরকারি দাবী আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের দায়িত্বও পালন করবেন।
উল্লেখ্য, দীর্ঘ ৭৮ দিন ইউএনও সংকটের পর গত ২ জুন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় দেড় মাসের দায়িত্বকালে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের কার্যক্রম তদারকি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেন। তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এন. এম. আব্দুল্লাহ আল মামুন শিগগিরই পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

.
.