| আপডেট ৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে হোসাইন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হোসাইন উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৯ জুন) দুপুর একটার দিকে হোসাইন, সাইমন (৬) ও আরিয়ান (১০) খেলার ছলে কালডোয়ার পশ্চিমপাড়া এলাকার ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। পরে সাইমনের বড় বোন আখি (১৪) ভাইকে খুঁজতে এসে নদীতে ভাসতে দেখে পানিতে নেমে সাইমন ও আরিয়ানকে উদ্ধার করেন। তবে হোসাইনকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও হোসাইনের সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি পরদিন পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে আটটার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে হোসাইনের মরদেহ ভাসতে দেখেন তাঁর বাবা রুক্কু মিয়া। পরে তিনি মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

.
.