| আপডেট ১২:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ বাবু, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু ও রিজন খান, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খান, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল হক নান্নু, পূর্বধলা সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহম্মেদ, পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, মাসুদ ফকির, শফিক ও হেলিম, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ এবং পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য নুমান ফকির।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এর আগে
শুক্রবার (১২ জুন) সকালে শ্যামগঞ্জ-বিরিশির আঞ্চলিক মহাসড়কের ফাজিলপুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছেন।
পরে মিছিলের ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। উপজেলা ছাত্রলীগের নাম লেখা ব্যানার নিয়ে ৩০ থেকে ৪০ জন তরুণ মিছিলে অংশ নেন।
মিছিল থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আগামীর সময়কে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়ে জেনেছি। ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

.
.